১৪ বছর পর ভারত সফরে যাচ্ছেন মেসি

১৪ বছর পর ভারত সফরে যাচ্ছেন মেসি

আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ডিসেম্বরে মেসি যে ভারতে ব্যক্তিগত সফরে যাচ্ছেন, তা গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন। এটি হবে ভারতে ১৪ বছর পর তাঁর প্রথম সফর।

ব্যক্তিগত ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভারত সফরের সূচি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘আমি সত্যিই খুব উচ্ছ্বসিত যে, এই ডিসেম্বরের আমি ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণে যাচ্ছি। কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও দাতব্যকাজে অংশ নেওয়া দারুণ ব্যাপার হবে। এই ইভেন্টগুলো কলকাতা, মুম্বাই, নয়াদিল্লির আইকনিক স্টেডিয়াম এবং সম্ভবত আরেকটি শহরে হবে...টিকিট পাওয়া যাবে শুধু ডিসট্রিক্ট অ্যাপে।’

ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তকে ধন্যবাদ জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার হবে। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ দেওয়ায় দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।’

ভারতে মেসির ব্যক্তিগত সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তির সফর শুরু হবে কলকাতা থেকে।

তাঁর প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ ডিসেম্বর রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

অবশ্য ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেসি আহমেদাবাদেও যাবেন। ভ্রমণপথে তিনি নিজের ভাস্কর্য উন্মোচন করবেন। ‘সম্ভবত আরেকটি শহর’ বলতে মেসি হয়তো আহমেদাবাদকেই বুঝিয়েছেন।

১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে মেসির একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচও খেলার কথা।

এর আগে মেসি ভারতে গিয়েছিলেন ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি। ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হয় মেসির।

গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লিওনেল মেসি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin