১৪০ কোটি ভারতীয়কে  ‘ফ্যান্টাস্টিক সানডে’ উপহার দিতে চান সূর্যকুমার

১৪০ কোটি ভারতীয়কে  ‘ফ্যান্টাস্টিক সানডে’ উপহার দিতে চান সূর্যকুমার

এশিয়া কাপ সুপার ফোরে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচের আগের প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষের নাম একবারও উচ্চারণ করেননি, তবে ১৪০ কোটি ভারতীয়কে প্রতিশ্রুতি দিয়েছেন একটি ‘ফ্যান্টাস্টিক সানডে’র।

গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। তবে ম্যাচটি বেশি আলোচিত হয়েছিল ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে। এবার আবারও পাকিস্তানের বিপক্ষে নামার আগে সূর্য বলেন, ‘আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। শেষ কয়েকটি ম্যাচে আমরা ভালো অভ্যাস তৈরি করেছি। প্রতিটি ম্যাচ নতুনভাবে শুরু করতে হবে। যে ভালো খেলবে, তারাই জিতবে। ’

বড় ম্যাচের আগে বাইরের ‘শব্দ’ বা চাপ এড়িয়ে চলার কৌশলও জানিয়েছেন সূর্য। তার ভাষায়, ‘নিজের রুমে যান, ফোন বন্ধ করুন আর ঘুমান। ’ 

তিনি আরও বলেন, ‘আমরা বেশি কিছু ভাবি না। তিনটি ম্যাচ খেলেছি, তিনটি জিতেছি—প্রত্যেকটা সমান উপভোগ্য ছিল। ওমানের বিপক্ষেও যেমন, পাকিস্তানের বিপক্ষেও তেমনই মজা লেগেছিল। ’

পূর্ববর্তী ম্যাচের প্রসঙ্গে সূর্য বলেন, ‘ব্যাট ও বলের দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিপক্ষে খেলার সময় স্টেডিয়াম সবসময় ভরা থাকে আর দর্শকরা দারুণ পরিবেশ তৈরি করেন।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা নিয়ে প্রশ্নে সূর্য বলেন, ‘আমরা জিতেছি, তাই মানুষ খুশি হয়েছে। দেশের সমর্থন সবসময়ই আমাদের সঙ্গে থাকে। ’

সবশেষে তিনি ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি ভারতীয়কে উদ্দেশ করে বলেন, ‘রোববার সবাই বসে খেলা উপভোগ করুন। আমরা মাঠে নেমে আগের মতো একই তীব্রতা ও উদ্যম নিয়ে খেলব। আমাদের লক্ষ্য সবসময় সেরাটা দেওয়ার। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin