ঢাকা: বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আসন্ন নির্বাচনের জন্য ১৪০ জনের একটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জোটের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘গণতন্ত্র মঞ্চ’ তাদের এ প্রার্থী তালিকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইউম।
প্রকাশিত তালিকায় মঞ্চের শরিক দলগুলোর শীর্ষ এ নেতাদের আসনও নিশ্চিত করা হয়েছে।
মঞ্চের শরিক দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রার্থী তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-৪), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইউম (কিশোরগঞ্জ-৫) আসনের কথা উল্লেখ রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে আ স ম আব্দুর রব নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভাবনা থাকায় সেক্ষেত্রে তার স্ত্রী ও জেএসডির সহসভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী হয়েছেন।
ইএসএস/জেএইচ