অনুদান পাওয়া এক হাজার ৫১৯ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
গত ১০ নভেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয়ের অনুমোদন সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ।
এমপিওভুক্তির অনুমোদন না পাওয়া বাকি মাদ্রাসাগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “সচিবালয়ে সচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার দাবি-দাওয়া যৌক্তিক। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে জরুরি ভিত্তিতে পরামর্শ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য চলতি সপ্তাহের দুই কর্মদিবস সময় নিয়ে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালে আন্দোলন বাস্তবায়ন কমিটি অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন গত ১০ নভেম্বর। এছাড়া লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন বাস্তবায়ন কমিটি অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা সিদ্ধান্তে অটল থাকেন।”
তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির ২১ সদস্য প্রতিনিধিদল।
অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি প্রতিষ্ঠানের জন্য এমপিওভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে চিঠি ইস্যু করায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।
সব জেলা প্রশাসককে দেওয়া গত ১০ নভেম্বরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিপত্রে বলা হয়, ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ বিষয়ক একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা
প্রথম পর্যায়ে, যে সকল ইবতেদায়ী মাদ্রাসা 'স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮' এর সকল শর্তপূরণ করে, তাদের এমপিওভুক্ত করতে হবে। তবে এক্ষেত্রে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে।
দ্বিতীয় পর্যায়ে, ২০১৮ সালের নীতিমালার শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদ্রাসাসমূহকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করতে হবে।
এমতাবস্থায়, প্রথম পর্যায়ে এমপিওভুক্তকরণের জন্য 'স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮' অনুযায়ী যে সকল অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালার শর্তাবলি পূরণ করেছে সে সকল মাদ্রাসার তালিকা জরুরি ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন এবং এ বিষয়ে দেওয়া তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের ব্যত্যয় হলে মন্তব্যসহ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে গত ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। মঙ্গলবার ১১ নভেম্বর এই আন্দোলন ৩০ দিন পূর্ণ করলো।