৪২তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব-২০ ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মেয়েদের বিভাগে বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু শিরোপা জিতেছেন।
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। শিরোপা জিতে সাকলাইন ফেসবুকে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ! দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জুনিয়র চ্যাম্পিয়ন হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার পরিবার, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের নিরন্তর সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না যারা সব সময় আমার উপর বিশ্বাস রেখেছিলেন। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখুন যাতে আমি ভবিষ্যতে আরও বড় হতে পারি এবং আরও বড় মাইলফলক অর্জন করতে পারি।’
টুর্নামেন্টে সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৮ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে এতিহ্য বড়ুয়া রানার-আপ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী তৃতীয়, মুহতাদি তাজওয়ার নাশিদ চতুর্থ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুলহক পঞ্চম, আজান মাহমুদ ষষ্ঠ, তুষিন তালুকদার সপ্তম, রায়ান রশিদ মুগ্ধ অষ্টম ও সাফায়েতকিবরিয়া আজান নবম হন। ছয় পয়েন্ট করে নিয়ে মো. নাফিস ফুয়াদ জাহিন দশম ও আওসাফ চৌধুরী একাদশ স্থান লাভ করেন।
বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু চ্যাম্পিয়ন হয়েছেন।
কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টারনুশরাত জাহান আলো রানার-আপ হয়েছেন। ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো উভয়েই ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু শিরোপা জয় করেন এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো রানার-আপ হন। সাত পয়েন্ট নিয়ে জিন্নাত আক্তার শাহনাজ তৃতীয় স্থান লাভ করেন।