৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ চলছে। মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় একযোগে শুরু হয়েছে দেশের আটটি বিভাগীয় শহরে। চলবে দুপুর ১২টা পর্যন্ত।  

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, এবারের প্রিলিমিনারিতে অংশ নিচ্ছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে।

এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন কয়েক ধাপে প্রস্তুতি নিয়েছে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। পরীক্ষার সময়সীমা দুই ঘণ্টা।

পরীক্ষা চলাকালে কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।

এদিকে প্রশ্নপত্র ফাঁস ও যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর নজরদারিতে। কেন্দ্রগুলোতে মোবাইল কোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ১০ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর। ২০২৪ সালের ১ নভেম্বর যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, তারাই আবেদন করতে পেরেছেন।  

এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin