পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৭৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংকের আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেট বিশিষ্ট এই সাব-অর্ডিনেটেড বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে। কুপন রেট নির্ধারণে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করা হবে।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। সংগৃহীত অর্থ ‘ব্যাসেল-৩’ এর অধীনে ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর অরেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
অনুমোদনের শর্ত হিসেবে বন্ডটি পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।