আর দশটা ভারতীয় গৃহীনির মতোই জীবনটা কাটিয়ে দিতে পারতেন লীলা জোসি। তবে তার রোমাঞ্চপ্রিয় মনটা চাইছিল আরও বেশি কিছু। তাইতো দুবাই গিয়ে করলেই ১৩ হাজার ফুট উঁচু থেকে স্কাইডাইভিং। দীর্ঘদিনের এই স্বপ্ন তিনি পূরণ করলেন মাত্র ৭০ বছর বয়সে!
পরে সংবাদমাধ্যমে লীলা জানান, আগে কেবল শুনেছিলাম, মানুষ বিমান থেকে বাইরে লাফ দেয়। এটা স্কাইডাইভিং বলে, সেটা আমি জানতাম না।
স্বপ্নপূরণে স্বামী-সন্তানের সাহস জুগানোর কথা স্মরণ করে তিনি বলেন, আমার প্রয়াত স্বামী আমার মধ্যে এই সাহসিকতার আগুন জ্বালিয়েছেন। আর ছেলে অনিশ ইচ্ছা বাস্তাবায়নে সহায়তা করেছে।
মাথার ওপর দিয়ে উড়োজাহাজ যেতে দেখলেই সেটা থেকে লাফ দেওয়ার চিন্তা তাকে রোমাঞ্চিত করতো বলে উল্লেখ করেন লীলা। তিনি বলেন, একবার প্রতিবেশিদের সামনে হেয়ালি করে কথাটা পেড়েছিলাম কেবল। তারা হেসেই উড়িয়ে দিয়েছিল বিষয়টা।
তবে স্কাইডাইভিংয়ের স্বপ্ন পূরণ করার জন্য নিয়তিই সব ব্যবস্থা করে রেখেছিল। দুবাই প্রবাসী ছেলের কাছে বেড়াতে গিয়ে একটি ড্রোন-শো দেখার সময় বিষয়টি আবার উঠে আসে। সে সময় তার ছেলের বউ স্কাইডাইভিংয়ের বিষয়ে লীলাকে উৎসাহ যোগান। এরপর ছেলে অনিশই একটা প্রতিষ্ঠানে যোগাযোগ করিয়ে দেন।
নিজের বয়স নিয়ে প্রথম দিকে কিছুটা চিন্তিত ছিলেন উল্লেখ করে লীলা বলেন, তারা ৭০ বছরের কাউকে স্কাইডাইভিং করতে দেবেন কিনা, সেটা নিয়ে নিশ্চিত ছিলাম না।
এমনকি কেন্দ্রে পৌঁছালে কর্মীরা প্রথমে অনিশকেই প্রশিক্ষণার্থী ভেবেছিলেন। তবে আসল প্রশিক্ষণার্থীকে দেখে প্রধান প্রশিক্ষক রায়ান তাকে জিজ্ঞাসা করেন, লীলা আসলেই এটা করতে চান কিনা!
তবে এসবে দমে যায়নি লীলার রোমাঞ্চপ্রিয় মন। তার সাফ জবাব, আমার বয়স কোনও সমস্যা নয়। আমি এটা করতে চাই।
লাফ দেওয়ার পর কিছুক্ষণের জন্য অবশ্য একটু অস্বস্তিতে পড়ার কথা স্বীকার করেছেন লীলা। তিনি বলেন, আমার সঙ্গে আরও চারটা কমবয়েসী ছেলে লাফ দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর তাদের কাউকে আর দেখতে পাচ্ছিলাম না, তাকিয়ে দেখি বিশাল সাগর। তখন নিজেকে প্রবোধ দিই, সাঁতার তো আমি জানিই! পানিতে পড়লে না হয় সাঁতরেই বেঁচে যাব!
তবে তিনি বহাল তবিয়তেই নেমে আসেন। লীলা প্রথমে ফ্রি ফল অনুভব করেন এবং ছ হাজার ফুটের দিকে এসে তার প্যারাসুট ঠিকভাবেই খুলে যায়।
তিনি বলেন, আমি অতোটা ভালো ইংরেজি পারি না। তবে প্রশিক্ষকের নির্দেশনা পরিষ্কার বুঝেছি।
স্কাইডাইভিং করে লীলার স্বপ্ন এবার মহাকাশে পাড়ি জমানো। তার সোজাসাপ্টা কথা, স্বপ্ন দেখার আবার বয়স আছে নাকি!
তথ্যসূত্র: এনডিটিভি