৮ মাস আগে মা মারা যান ক্যানসারে, আজ ছেলের মৃত্যু ডেঙ্গুজ্বরে

৮ মাস আগে মা মারা যান ক্যানসারে, আজ ছেলের মৃত্যু ডেঙ্গুজ্বরে

নেছার পাটোয়ারীর মা মাহফুজা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় আট মাস আগে। সেই শোক কাটতে না কাটতেই আজ রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে ডেঙ্গুজ্বরে মারা গেলেন নেছার পাটোয়ারীও (৩২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা। অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।

নেছার পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায়। ইউসুফ পাটোয়ারী ও মাহফুজা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন মেজ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই একমাত্র ছেলে। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর আট মাস আগে মারা যান নেছারের মা। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আজ সকালে আবার নেমে এল মৃত্যু-বিষাদ। সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নেছার পাটোয়ারী।

নেছার পাটোয়ারীর চাচা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিপন মীর বলেন, গত সপ্তাহে নেছার পাটোয়ারী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এরপর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে পাঁচটায় তিনি না-ফেরার দেশে চলে যান।

নেছারের বোন বিউটি আক্তার ও নারগিস আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের দুই বোনের একটাই ভাই। মাকে হারিয়ে ভাইকে নিয়েই সান্ত্বনা পেতাম। ভাইয়ের দিকে তাকালেই মা হারানোর শোক ভুলে যেতাম। আজ সেই ভাইও আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। আমরা বড়ই নিঃস্ব হয়ে গেলাম। ভাই হারানোর এই কষ্ট ভুলব ক্যামনে।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin