আ. লীগ হিন্দুদের বন্ধু সেজে তাদের বাড়িঘরে লুটপাট চালিয়েছে: মঈন খান

আ. লীগ হিন্দুদের বন্ধু সেজে তাদের বাড়িঘরে লুটপাট চালিয়েছে: মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে তাদের একক কর্তৃত্ব আরোপ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।  

মঈন খান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে গেছে। তবে সেখানেও কোনো সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, আর কাজে করে এর উল্টোটা।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যেভাবে একজন নাগরিক তার সব অধিকার নিশ্চিত করতে পারে, জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের সেই অধিকার নিশ্চিত করবে বিএনপি।

ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,  ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতারা।

পরে মঈন খান ঘোড়াশালের গনি মার্কেট, আঁটিয়াগাও ও ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালের সামনে পথসভা করেন।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin