দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড। মাত্র একদিনের ব্যবধানে প্রতি ভরিতে এক হাজার ৩৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের ভরি প্রতি দাম দাঁড়ালো ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে সোমবারই প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা, যা সে সময় পর্যন্ত ছিল সর্বোচ্চ। কিন্তু মঙ্গলবারের নতুন সমন্বয়ে সেই রেকর্ডও ভেঙে গেল।
ক্যারেটভেদে নতুন দাম
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১,৩৯৯ টাকা; নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১,২০১ টাকা; নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা। সনাতনি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে ১,০২৭ টাকা; নতুন দর ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
এবার স্বর্ণের সঙ্গে সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেট রুপা ভরিতে ১,০২৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৫৪ টাকা। ২১ ক্যারেট রুপা ভরিতে বেড়েছে ৯৯১ টাকা, নতুন দর ৪,৪৪৪ টাকা। ১৮ ক্যারেট রুপা এখন ভরিতে ৩,৮০২ টাকা, যা আগে ছিল ২,৯৬৩ টাকা। সনাতনি রুপা ভরিতে বেড়ে হয়েছে ২,৮৫৮ টাকা, পূর্বে ছিল ২,২২৮ টাকা।
সর্বোচ্চ দামে স্বর্ণের বাজার
গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। তারই প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। ফলে বছরের শুরু থেকে স্বর্ণের দাম ইতিমধ্যেই বেশ কয়েক দফা সমন্বয় করা হয়েছে, যার সর্বশেষ ধাপে মঙ্গলবার তৈরি হলো নতুন রেকর্ড।