আবারও নিজের রেকর্ড ভাঙলেন সামিউল

আবারও নিজের রেকর্ড ভাঙলেন সামিউল

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনও নতুন জাতীয় রেকর্ডের সাক্ষী হলো। আজ বুধবার আরও তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 

তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। রাফি ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ইভেন্টে মোট ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন। 

আজকের বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। অন্যদিকে, নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করে। 

এদিকে, ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। তারা আগামীকাল শিরোপার জন্য লড়বে। 

পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে প্রথম স্থানে আছে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া, বিকেএসপি ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে আছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin