আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান ও পেসার নাহিদ রানা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ নভেম্বর।
টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্লেয়ার্স ড্রাফট থেকে অ্যাসপিন স্ট্যালিয়নসে জায়গা পেয়েছেন সাইফ হাসান। অন্যদিকে ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে ভিস্তা রাইডার্স।
ড্রাফট শুরুর কয়েক দিন আগেই অবশ্য সরাসরি রয়্যাল চ্যাম্পসে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগের নবম আসরে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হচ্ছে- ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়নস, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি। তারা যোগ দেবে গত মৌসুমের তিন দল- ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্সের সঙ্গে।