আফতাবনগর-বনশ্রীর মাঝে ৩ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

আফতাবনগর-বনশ্রীর মাঝে ৩ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর আফতাবনগর-বনশ্রী এলাকার মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে নড়াই নদীর (রামপুরা খাল) ওপর তিনটি সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আফতাবনগর লেকভিউ রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সেতুগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ডিএনসিসি প্রশাসক জানান, তিনটি সেতুর মধ্যে দুটি যানবাহন চলাচলের জন্য এবং একটি পায়ে হাঁটার জন্য নির্ধারণ করা হবে। বাংলাদেশ নৌবাহিনীর কারিগরি সহায়তায় সেতুগুলো নির্মাণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আফতাবনগর–বনশ্রী এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আফতাবনগরে যানবাহনের চাপ বেড়ে যাবে এবং প্রগতি সরণির যানজট নিরসনসহ মেট্রোরেল প্রকল্প চলাকালে মানুষের বিড়ম্বনা কমাতেই এ সেতুগুলো নির্মাণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন নাগরিকদের প্রতি অনুগ্রহ নয়, এটি তাদের অধিকার। সেই অধিকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।  

এ সময় তিনি নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানের আহ্বান জানান এবং বলেন, সঠিকভাবে ট্যাক্স দিলে নাগরিক সমস্যা আরও দ্রুত সমাধান সম্ভব হবে।

প্রশাসক হাউজিং সোসাইটিগুলোর অপরিকল্পিত কার্যক্রমকে নগরায়ণের বড় অন্তরায় হিসেবে উল্লেখ করে জানান, ভবিষ্যতের ঢাকায় খেলার মাঠ, পাবলিক স্পেসসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হাসান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারওয়ার এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর জাহাঙ্গীর আদিল সামদানি প্রমুখ।  

এমএমআই/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin