প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরবসহ সাত দেশে প্রবাসীদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এসব ঠিকানা নিশ্চিত করে সামনের সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন বলে জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।
সালীম আহমাদ খান বলেন, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে যে রেজিস্ট্রেশন প্রসেসটা করেছিলাম, সেটাকেও ওপেন করে দিয়েছি। তার মানে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোনও জায়গা থেকে নির্ধারিত পদ্ধতিতে যেকেউ মানে— বাংলাদেশের নাগরিক যারা আছেন, ১৮ বছরের মধ্যে এনআইডি কার্ডধারী, তারা নিবন্ধন করে পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, কালকে (বুধবার) রাতে যখন আমরা শুরু করেছি। শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল। তারপর আমাদের আনুমানিক রাত আড়াইটার দিকে দেখলাম যে, সাতটা দেশে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, মালয়েশিয়া আর ইউনাইটেড আরব আমিরাত দেশের প্রবাসী ভোটাররা তাদের অ্যাড্রেসে ভুল করছেন। ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছবে না জায়গা মতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম— সাতটা দেশে বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে।
তিনি আরও বলেন, আমাদের টিম কাজ করছে। সকাল থেকে আমরা কয়েক ঘণ্টা ওখানের সাতটা দেশের দূতাবাসের সঙ্গে বসেছিলাম। বসে আমরা লাইন বের করেছি, কীভাবে স্টেপ নিতে হবে। শুক্রবার সকালের মধ্যে এটা সমাধান করে ফেলার চেষ্টা করবো। সৌদি আরবসহ অন্যান্য দেশে ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন। আমরা চেষ্টা করছি অ্যাপের ভেতরে একটা অ্যাড্রেস কারেকশনের এডিট চালু করার। যাতে অ্যাড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন। রিচেক করলে অ্যাড্রেসটা যখন কনফার্ম হবে, আমরা সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমাদের পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করে দেবো।
এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটারদেরকে অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেক্টেশন যেটা হাই ছিল, এখনও আমাদের হাই আছে।
নিবন্ধন সংক্রান্ত সৃষ্ট জটিলতা শিগগিরই কেটে যাবে জানিয়ে তিনি বলেন, নিবন্ধনের সময়সীমা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্তই থাকছে।