আহমেদাবাদ টেস্ট: ব্যাটে-বলে স্বস্তির দিন পার করল ভারত

আহমেদাবাদ টেস্ট: ব্যাটে-বলে স্বস্তির দিন পার করল ভারত

আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে ভারত। প্রথম ইনিংসে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে আটকে দিয়ে দিনশেষে মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২১ রান তুলেছে মেন ইন ব্লু’রা।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারায় সফরকারীরা। মোটামুটি নির্দিষ্ট রানের বিরতি নিয়ে উইকেট হারাতে থাকে তারা। উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ১২ রানে।

এরপর পুরো ইনিংসেই ভালো কোনো জুটি গড়তে পারেনি তারা। শাই হোপ-রস্টন চেজ এবং জাস্টিন গ্রিভস-খারি পিয়েরের পার্টনারশিপ পরিস্থিতি কিছুটা সামাল দেয়ার চেষ্টা করলেও বাকিরা কিছুই করতে পারেননি। ৪৮ বল মোকাবিলা করে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে বুমরাহর বলে বোল্ড হন গ্রিভস।

হোপ ও চেজের ব্যাটে আসে যথাক্রমে ২৬ ও ২৪ রান। তিন ব্যাটার এক অঙ্কের রানে বিদায় নিলেও বাকিরা নামেমাত্র ডাবল ডিজিটের রানে পৌঁছায়।

বড় স্কোর করতে ব্যর্থ হওয়ায় দেড় সেশনেই অলআউট হয় ক্যারিবিয়ানরা। ভারতের পক্ষে সিরাজ তুলে নেন ৪টি উইকেট। এছাড়া বুমরাহ তুলে নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে জয়সওয়াল ও রাহুলের ব্যাটে ভালো শুরু পায় স্বাগতিকরা। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৬৩ রান। ব্যক্তিগত ৩৬ রানে জয়সওয়াল বিদায় নিলে নতুন ব্যাটার সুদর্শনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন রাহুল। অর্ধশতক তুলে নেন তিনি।

সুদর্শনের ব্যাট হাসেনি এদিন। মাত্র ৭ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দলীয় ৯০ রানে ২ উইকেট হারায় ভারত। দিনশেষে ক্রিজে রয়েছেন রাহুল ও গিল। তারা অপরাজিত রয়েছেন যথাক্রমে ৫৩ ও ১৮ রানে। ৪১ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবে ভারত।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin