আখতারুজ্জামান ইলিয়াসের নামে সংগ্রহশালা করছে বাংলা একাডেমি

আখতারুজ্জামান ইলিয়াসের নামে সংগ্রহশালা করছে বাংলা একাডেমি

গ্রন্থাগার কার্যক্রমের অংশ হিসেবে কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের নামে একটি লিটলম্যাগ সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলা একাডেমি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে বাংলাদেশে প্রকাশিত সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগ সংগ্রহ করা হবে। পরে এ আয়োজন সমগ্র বাংলা ভাষা বিবেচনায় রেখে প্রবর্ধিত হতে পারে। এ ব্যাপারে বাংলা একাডেমি সংশ্লিষ্ট সম্পাদক-লেখকদের মনোযোগ আকর্ষণ করছে।

এতে আরও বলা হয়, সম্পাদক বা সংশ্লিষ্ট কেউ নিজেদের পত্রিকার সংখ্যাগুলো সংরক্ষণের জন্য দিতে পারেন। যাদের কাছে পত্রিকার সংগ্রহ আছে, তারাও বাংলা একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রতি সংখ্যার দু-কপি করে সংরক্ষণ করা হবে। পাঠ ও গবেষণার জন্য এ সংগ্রহশালা গ্রন্থাগারের বিধি-মোতাবেক ব্যবহার করা যাবে। পরে স্ক্যান করে অনলাইনে পাঠের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

উল্লেখ্য, আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তার উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে- উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা। ছোটগল্প সংকলন: অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। ছোটগল্প: নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী, অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, মিলির হাতে স্টেনগান, ফোঁড়া, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, কান্না, রেইনকোট। প্রবন্ধ সংকলন: সংস্কৃতির ভাঙ্গা সেতু।

তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, আনন্দ পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক, একুশে পদক (মরণোত্তর) পান। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin