কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা সবাই রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে। বৃহস্পতি থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২), খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর তেজগাঁও, খিলগাঁও, আগারগাঁও, বসুন্ধরা, ডেমরা ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া এলাকা থেকে শাহাদাত হোসেন, খিলগাঁও নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কালু পাটোয়ারী এবং পশ্চিম আগারগাঁও থেকে মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ।
এছাড়া, ডিবি সাইবার বিভাগ বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদ, ডেমরা থেকে টিপু সুলতান এবং রাত ১২টার পর লালবাগ থেকে আলিম আল তারিফকে আটক করে।
ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।