এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ নারী ও কম্পাউন্ড পুরুষ বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আর্চারদের মধ্যে রিকার্ভ নারী এককে সীমা আক্তার শিমু ও কম্পাউন্ড পুরুষ এককে হিমু বাছাড় আলো ছড়িয়েছেন।
রবিবার দ্বিতীয় সেশনে রিকার্ভ নারী এককে ৬৩৭ স্কোর গড়ে কোয়ালিফিকেশন রাউন্ডে ৫১ প্রতিযোগীর মধ্যে ২৪তম হন সীমা আক্তার শিমু।
এ বিভাগে বাংলাদেশের বাকি তিন আর্চার সোনালী রায় ৬২৩ স্কোর নিয়ে ৩২তম, ইতি খাতুন ৬১০ স্কোর নিয়ে ৩৭তম ও মনিরা আক্তার ৬০৬ স্কোর নিয়ে ৩৮তম হয়েছেন।
রিকার্ভ মহিলা দলগত বিভাগে ১০ দলের মধ্যে নবম অবস্থান নিয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করবে ১৮৭০ স্কোর গড়া বাংলাদেশ। দলের হয়ে খেলবেন ইতি খাতুন, সোনালী রায় ও সীমা আক্তার শিমু।
কম্পাউন্ড পুরুষ এককে কোয়ালিফিকেশন রাউন্ডে র্যাঙ্কিংয়ের ৬৮তম খেলোয়াড় হিমু বাছাড় ৭০৪ স্কোর নিয়ে ৫৩ প্রতিযোগীর মধ্যে দশম হয়েছেন। এ বিভাগে তার বাকি তিন সতীর্থ মোহাম্মাদ আশিকুজ্জামান ৬৮৭ স্কোর নিয়ে ৩৫তম, নওয়াজ আহমেদ রাকিব ৬৮৩ স্কোর নিয়ে ৪১তম ও সোহেল রানা ৬৭৯ স্কোর নিয় ৪৫তম হয়েছেন।
কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ২০৭৪ স্কোর নিয়ে ১৩ দলের মধ্যে নবম হয়েছে বাংলাদেশ। দলের হয়ে এলিমিনেশন রাউন্ডে অংশ নেবেন মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড় ও নাওয়াজ আহমেদ রাকিব।
রিকার্ভ মহিলা এককের নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার জ্যাং মায়ে। কম্পাউন্ড পুরুষ এককের কোয়ালিফিকেশনে ৭১৫ স্কোর নিয়ে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার আর্চার কিম জংহো।
বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কোচ মার্টিন ফ্রেডরিখ বলেছেন, 'আমাদের ভালো কিছু মুহূর্ত আছে এবং কিছু মুহূর্ত ভালো হয়নি। একটু হতাশই, কিন্তু আমি যেটা উল্লেখ করতে চাইছি, সেটা অবশ্যই ভালো অংশ। সকালের সেশনে বন্যা আক্তার ভালো করেছে। রিকার্ভ পুরুষ এককে রাম কৃষ্ণ সাহা ষষ্ঠ হয়েছে। সেরা দশের মধ্যে থাকা খুবই ভালো বিষয়।বিকালের সেশনে হিমু বাছায় দশম স্থান পেয়েছে। সেরা দশে থাকা ভালো।'