‘আমারে ছাইড়া কোথায় গেলি রে, ফিরা আয় বাবা’

‘আমারে ছাইড়া কোথায় গেলি রে, ফিরা আয় বাবা’

‘আমরা এহন কী নিয়া বাঁচমু। ও বাজান, বাজান রে, আমাগো রাইখা কই চইলা গেলি রে।’ বাড়ির বারান্দায় বসে বিলাপ করে যাচ্ছিলেন পানিতে ডুবে মারা যাওয়া সোয়াদের মা ইয়াসমিন বেগম। পাশেই বিলাপ করছিলেন শিশুটির বাবা শরিফউদ্দিন মৃধা। মুখোমুখি আরেকটি বাড়িতে অঝোরে কাঁদছিলেন আরেক শিশু তৌসিফের মা–বাবা।

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে গতকাল বৃহস্পতিবার মালেকা বেগম (৬৮) এবং তাঁর দুই নাতি সোয়াদ (৬) ও তৌসিফ (৭) বাড়ির পাশের কুমার নদে ডুবে যায়। সন্ধ্যার দিকে মালেকা ও তৌসিফের লাশ ভেসে ওঠে। আজ শুক্রবার সকালে পাওয়া যায় সোয়াদের লাশ। এরপর সকাল ৯টার লাশটি নিয়ে যাওয়া হয় গ্রামটির মৃধাবাড়িতে। পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে আজ দুপুরে সোয়াদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ বেলা ১১টার দিকে মৃধাবাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের তিন সদস্যকে হারিয়ে একযোগে কান্না করছেন স্বজন ও প্রতিবেশীরা। তাঁদের সান্ত্বনা দিতে গিয়ে অনেকেই শোকে বিহ্বল হয়ে পড়ছিলেন। মৃধাবাড়ির আঙিনায় মুখোমুখি অবস্থানে জহিরুল ইসলাম মৃধা ও তাঁর ভাই শরিফউদ্দিন মৃধার বাড়ি। এই দুই ভাইয়ের সন্তান ও মা পানিতে ডুবে মারা গেছেন।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জহিরুল ইসলামের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে তৌসিফ ছোট। অন্যদিকে শরিফউদ্দিনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সোয়াদও ছোট।

দুর্ঘটনার বিবরণ দিয়ে সোয়াদের খালাতো বোন শারমীন আক্তার বলেন, গতকাল দুপুরে মালেকা বেগম বাড়ির সবার অজান্তে মগ নিয়ে কুমার নদে গোসল করতে যান। তখন তৌসিক ও সোয়াদও নদীর ঘাটে যায়। তারা ঘাটে দাদিকে দেখে উৎসাহিত হয়ে পানিতে নামে। তবে কেউই সাঁতার জানত না। একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে গেলে মালেকা তাদের বাঁচাতে গিয়ে নদে নামেন। পরে তিনিও তলিয়ে যান।

নিজ ঘরে বসে অঝোরে কেঁদে যাচ্ছিলেন তৌসিকের মা মিনা বেগম। বলছিলেন, ‘ছেলেকে বড় করমু, মানুষ করমু; সব আশা শেষ হইয়া গেল। আমার বাজান নাই, এ কথা একবারের জন্য ভাবতে পারছি না। আমারে ছাইড়া কোথায় গেলি রে। ফিরা আয় বাবা, আমার কাছে ফিরা আয়।’

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী বলেন, মৃধাবাড়ির পাশেই তাঁর বাড়ি। মর্মান্তিক এ ঘটনায় এলাকার মানুষ শোকে কাতর হয়ে পড়েছেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin