আমরা সরকার গঠন করলে বিএনপিকেও সঙ্গে নেবো: জামায়াত আমির

আমরা সরকার গঠন করলে বিএনপিকেও সঙ্গে নেবো: জামায়াত আমির

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের বন্ধু প্রতীম সংগঠন বলেছে, আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরকেও সঙ্গে নেবো। তবে তারা যদি ক্ষমতায় গিয়ে উল্টাপাল্টা করে তাদের ছাড় দেবো না। আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সেভাবে আন্দোলন করবো।’ 

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মহানগর ও সদর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নির্যাতনের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘৫ আগস্টের রাতে চাইলে আমরা নেতাকর্মীদের বলতে পারতাম, যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মোলাকাত করে আসো। তখন দেশ বধ্যভূমি হয়ে যেতো। তাদের অপরাধ ছিল সীমাহীন। আমরা দলীয় কর্মীদের ধৈর্য ধরতে বলেছি, শান্ত থাকার কথা বলেছি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা। এটা যারা করেছে তারা ঠিক করেনি। এই হলো আমাদের বাংলাদেশ। এরকম দেশ চলতে পারে না। একদল টাকা লুট করে পালাবে, একদল লুট করবে, বিদেশের মাটিতে বেগম পাড়া করবে সেটা আমরা চাই না। বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। সুবিচার আমরা কায়েম করতে চাই। জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে, সেই ইঁদুর তাড়াতে চাই।’ 

সরকার পতনের পরের দুই দিনের প্রেক্ষাপট বর্ণনা করে জামায়াতের আমির বলেন, ‘ওই সময় পাঁচ হাজার খুন হয়নি, ৫০০ কিংবা পাঁচ জনও খুন হয়নি। তবে পাঁচ-ছয় মাসের মধ্যে কয়েকজন খুন হয়েছেন। কিন্তু আমরা ন্যায় ও সত্যের পথে যখন লড়াই করতাম তারা আমাদের করতে দেয়নি। আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুম করেছে। দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল। সব কিছুতে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। সাড়ে ১৫টি বছর আমরা মজলুম ছিলাম।’ 

দলের মহানগরের আমির হাফিজ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমির নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin