‘আমরা ভুল থেকে শিখছি না’—হারের দায় নিলেন অধিনায়ক মিরাজ

‘আমরা ভুল থেকে শিখছি না’—হারের দায় নিলেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে বারবার করা ভুলের পুনরাবৃত্তিকেই দায়ী করলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার মতে, দল ভুল থেকে শিক্ষা নিচ্ছে না এবং ক্রিকেটারদের মধ্যে দায়িত্ব নেওয়ার প্রবণতা কম, যা বারবার ডোবাচ্ছে দলকে।

এক সাক্ষাৎকারে মিরাজ বলেন, ‘আমরা প্রতিটি হার থেকে শিখছি না। যেভাবে উন্নতি করা দরকার, সেভাবে হচ্ছে না। আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, কিন্তু এই ক্রিকেটারদের নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে’।  

তিনি আরও যোগ করেন, ‘ফলাফল দেখে মনে হতে পারে আমরা খুবই খারাপ দল, কিন্তু আসলে তা নয়। আমাদের শুধু ভুলগুলো শুধরে উন্নতি করতে হবে’।

আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে বাংলাদেশ ৩০ ওভারও ব্যাট করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হওয়ার পর শেষ ম্যাচে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে (২৭.১ ওভারে)।

অধিনায়কের মতে, দলের প্রথম লক্ষ্য হওয়া উচিত পুরো ৫০ ওভার ব্যাট করা। তিনি বলেন, ‘ব্যাটাররা দায়িত্ব না নিলে দলের ভুগতে হয়। প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, নাহলে আমরা ভুল করতেই থাকব। বোর্ডে রান না থাকলে কন্ডিশন যেমনই হোক, ম্যাচ জেতা সম্ভব নয়’।

সিরিজ হারের দায় নিজের কাঁধে নিয়ে মিরাজ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ছন্দে ফেরাটা জরুরি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ খেলতে আজই (১৫ অক্টোবর) ঢাকায় পা রাখার কথা দুই দলের। মিরাজ আশা করছেন, সিরিজের আগে পরিবারের সঙ্গে দুদিন সময় কাটাতে পারলে ক্রিকেটাররা মানসিকভাবে চাঙা হয়ে মাঠে নামতে পারবে।

আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে সাইড স্ট্রেইনের কারণে খেলতে না পারা লিটন দাস গত ১৪ অক্টোবর স্ক্যান করিয়েছেন। মেডিকেল রিপোর্টের অপেক্ষায় থাকলেও সূত্রমতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার মাঠে নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin