আশা বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের কুলসুম

আশা বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের কুলসুম

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স। এর মধ্যে কম্পাউন্ড নারী এককে কুলসুম আক্তার মনি স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। ঠাকুরগাঁ থেকে উঠে আসা এই আর্চার উঠেছেন সেমিফাইনালে। তাকে ঘিরেই পদক পাওয়ার সম্ভাবনা টিকে আছে স্বাগতিকদের। 

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) কম্পাউন্ড মহিলা এককে ‘বাই’ পেয়ে শেষ বত্রিশে ওঠা কুলসুম ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখার বিপক্ষে জিতেন ১৪২-১৪০ ব্যবধানে। কোয়ার্টার-ফাইনালে কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানাকে ১৪৬-১৪৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তিনি। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রদীপ প্রিথিকার মুখোমুখি হবে কুলসুম। 

এককের ইভেন্টগুলোতে একমাত্র বাংলাদেশি হিসেবে টিকে থাকাটা উত্তাপ অনুভব করছেন কুলসুম। তবে বিকেএসপিতে দশম শ্রেণিতে পড়া এই আর্চার বলেন, ‘কেবল আমি টিকে আছি বলে কোনও চাপ অনুভব করছি না। চাপ কেনও নিবো? এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমিফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবো। এই পতাকার (জার্সিতে বাংলাদেশের পতাকার লোগো দেখিয়ে) জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।’

এরপরই যোগ করেন, ‘আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইরাল হতে চাই না। হাইলাইট হতে চাই না। আমাকে হাইলাইট হতে হবে নিজের যোগ্যতা দিয়ে, সাফল্য দিয়ে।’

রিকার্ভ পুরুষ এককে হতাশ করেছেন সবাই। চাইনিজ তাইপের প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারানোর পর শেষ বত্রিশের লড়াইয়ে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগের বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টে জিতেন রাকিব মিয়া। কিন্তু দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে হেরে সেরা ষোলোর মঞ্চ থেকে বিদায় নেন তিনি। 

এ ইভেন্টে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াই আব্দুর রহমান আলিফ কাজাখস্তানেরআব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে, রাম কৃষ্ণ সাহা ৬-৪ সেট পয়েন্টে ভারতের রাহুলের কাছে হেরে যান। আগের দিন সাগর ইসলাম হেরে যাওয়া এ নিয়ে রিকার্ভ পুরুষ এককে অংশ নেওয়া বাংলাদেশের চার আর্চারই ছিটকে গেলেন। 

রিকার্ভ মহিলা এককেও একই দশা। সেরা বত্রিশ থেকে সোনালি রায়, সীমা আক্তার শিমু, ইতি খাতুন ও মনিরা খাতুনের বিদায় ঘণ্টা বেজেছে। কম্পাউন্ড পুরুষ এককে আগেই বিদায় নিয়েছিলেন নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিলেন হিমু বাছাড়। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে যান। কম্পাউন্ড মহিলা একক থেকে পুষ্পিতা জামান, বন্যা আক্তারও বিদায় নিয়েছেন।

দলগত বিভাগেও হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশের। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াই ইতি-সোনালি-শিমুকে নিয়ে গড়া দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ৬-০ সেট পয়েন্টে। বিকালের সেশনে এ ইভেন্টে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগেও এলিমিনেশন রাউন্ডের শুরুতে ছিটকে গেছে বাংলাদেশ। আশিকুজ্জামান-হিমু বাছাড়-নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল ২৩৪-২৩০ স্কোরে হেরেছে চাইনিজ তাইপের কাছে। এ ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতায় শেষের পর টাইব্রেকারে তিন তীর ছোঁড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জেতে তারা। 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin