কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যেকোনও পরিস্থিতি মোকাবিলায়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন। এই ঘটনাকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি ও সংঘাতের আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পলাতক নেতাকর্মীরা নানা ধরনের উসকানি ও হুমকি ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগের রাতে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। তবে বৃহস্পতিবার সকালে তেমন কোনও খবর পাওয়া যায়নি। সড়ক যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম দেখা গেছে।