আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে থাকার কথা রাস্তায়, তাঁরা ছিলেন থানায়

আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে থাকার কথা রাস্তায়, তাঁরা ছিলেন থানায়

রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে শুক্রবার বিকেলে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রশাসনিক কারণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যাহার হওয়া অপর দুই কর্মকর্তা হলেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) রাকিবুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।

শুক্রবার রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রত্যাহার করা তিন পুলিশ কর্মকর্তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির একাধিক সূত্র জানায়, ডিএমপির কাছে গোপন তথ্য ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আজ ঢাকাজুড়ে ঝটিকা মিছিল বের করবেন। ওই তথ্যের ভিত্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনায় অপরাধ বিভাগের আটজন উপকমিশনার ও অন্যান্য ইউনিটের উপকমিশনারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সকাল থেকে মাঠে তৎপর ছিলেন।

পুলিশ বাধা দিলে মিছিলের পেছনে থাকা ব্যক্তিরা পুলিশের ওপর ককটেল ও বোমা নিক্ষেপ করবেন, ডিএমপির কাছে এমন গোয়েন্দা তথ্যও ছিল। ঝটিকা মিছিল ঠেকাতে তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির একাধিক অতিরিক্ত কমিশনার। তাঁরা পুলিশ সদস্যদের তৎপর থাকতে বারবার ওয়াকিটকিতে দিকনির্দেশনা দেন।

একপর্যায়ে একাধিক অতিরিক্ত কমিশনার মাঠপর্যায়ে তদারকিতে নামেন। এরই অংশ হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম আজ শুক্রবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি পুলিশের দুটি টহল গাড়িসহ পাঁচটি গাড়ি থানা কম্পাউন্ডে দেখতে পান। অথচ এসব গাড়ি টহলে থাকার কথা।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম থানায় গিয়ে দেখতে পান, মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক তদন্ত, পরিদর্শক (অপারেশন) রাকিবুজ্জামান থানায় বসে আছেন। আর থানার কর্তব্যরত কর্মকর্তা মাসুদুর রহমান তাঁর দায়িত্ব পালন করছেন না। বিষয়টি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানার পর পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান, রাকিবুজ্জামান ও মাসুদুর রহমানকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেন।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin