বাগেরহাটে রিমান্ডে থাকা যুবকের মৃত্যু

বাগেরহাটে রিমান্ডে থাকা যুবকের মৃত্যু

বাগেরহাটে রিমান্ডে থাকা এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন। মোজাফফর (২৬) নামে যুবক শুক্রবার সকাল ৮টায় জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে মারা যান।

মোজাফফর বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির সন্দেহ মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। পরে ওইদিনই তাদের চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠায়। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসামিদের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানান। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত মোজাফফরের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সোহেলুর রহমান বলেন, সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা দেন। ইসিজি করে দেখা যায় তার গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, রিমান্ডের আসামি মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাহিদ ফরাজী/এমএন/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin