বাজারে চড়া সব পণ্যের দাম, দিশেহারা ক্রেতা

বাজারে চড়া সব পণ্যের দাম, দিশেহারা ক্রেতা

বাজারে সব কিছুর দাম চড়া। বরাদ্দ বাজেটেও ভরে না সদাইয়ের ব্যাগ।

বিগত সপ্তাহের মতো শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও ফার্মগেটের বাজার ঘুরে জিনিসপত্রের দামে উল্লম্ফন দেখা যায়। এসব বাজারে প্রায় কোনো সবজির কেজিই ৮০ টাকার নিচে নেই।

চিচিঙ্গার কেজি ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, লাউ ৮০ টাকা, করলা ১২০ টাকা, উস্তা ১০০ টাকা, বেগুন ১২০ টাকা, বড় (বেগুনি রং) বেগুন ২০০ টাকা, ঝিঙ্গা ১০০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, পেঁপে ৩০ থেকে বাজারভেদে ৩৫ কাটা, পটল ৮০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, ঢেড়স ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা এবং কাকরোলের কেজি ১০০ টাকা দেখা গেছে বাজারগুলোতে। কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা।

এছাড়া গাজর ১২০ টাকা, টমেটো ১৪০ টাকা, মুলা ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা কেজি এবং লেবুর হালি ৩০ থেকে ৩৫ টাকায় মিলছে।

বাজারে মাঝারি মানের এক হালি কাঁচকলা ৪০ টাকা, বড় কাঁচকলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ওলের কেজি মিলছে ৭০ টাকা। বাজারে মণ খারাপ শুধু আলুর। প্রতি কেজি আলুর দাম ২০ থেকে ২৫ টাকা। কোনো বাজারেই এ সবজির দাম ২৫ টাকার ওপরে দেখা যায়নি।

উচ্চ মূল্যের বাজারে বাড়তি পকেট কাটছে শাকের দাম। বাজারগুলোতে লাল শাকের আঁটি ২৫ টাকা, পুঁই শাকের আঁটি ৫০ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাকের আঁটি ২৫ টাকা এবং কচুর শাকের আঁটি ১০ টাকায় মিলছে।

প্রতিযোগিতার দামে দেশি সবজির মণ খারাপের অবস্থা সাহেবি সবজিতে। এত বেড়েও নাগাল ছুতে পারেনি বিদেশি সবজির দামে। বাজারে সবুজ ক্যাপসিকাম মিলছে ৩৫০ টাকা কেজি, রঙিন ক্যাপসিকাম ৮০০ টাকা এবং বিটরুট প্রতি কেজির দাম রাখা হচ্ছে ১৪০ টাকা।

শীত আসতে ঢের দেরি। তার আগে বাজারে যে নতুন শিম উঠেছে তার কেজি ২৫০ টাকা এবং ২০০/২৫০ গ্রামের একটি ফুল কপির দাম বাজারভেদে ৭০ থেকে ৮০ টাকা দেখা যাচ্ছে।

ফার্মগেটের কলমিলতা বাজারে বাজার করতে আসা জহিরুল ইসলাম পণ্যের দাম নিয়ে এতটাই অস্বস্তিতে যে কোনো কথা বলতেই নারাজ। তিনি বলেন, নিশ্চয়ই এসব সবজির অনুভূতি আছে। দামে তারা খুবই খুশি। কারণ নিজের দাম অনেক উঠছে। বিক্রেতারাও খুশি। তারা ৫ টাকা বাড়তি দাম দিয়ে কিনলে খুচরা বাজারে ১০ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছে। কেন বাড়লো, কত বাড়লো, এটা দেখার কেউ নেই, জবাবদিহি করার কোনো জায়গা নেই।

সবজির দামের যখন এই অবস্থা, জাতীয় মাছ সোনালি ইলিশের দাম বেশি না হলে হয়! রাজকীয় দাম এই মাছের। কিন্তু চড়া দামে কুলাতে না পেরে ক্রেতারা দাম জিজ্ঞেস করেই কেটে পড়তে চাইছেন। অবশ্য বিক্রেতারা যেন নাছোড়বান্দা। কেউ দাম জানতে চাইলে যেন কিনিয়েই ছাড়তে চান। এক কেজি থেকে বেশি ওজনের ইলিশের কেজি ২৩শ’ টাকার ওপরে। ৮শ’ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৮শ’ টাকা, ২০০/২৫০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫৫০ টাকা থেকে বাজারভেদে ৬০০ টাকা রাখা হচ্ছে।

দামে কম যায় না অন্য মাছগুলোও। এক কেজির বেশি ওজনের কাতলের কেজি ৩৫০ টাকা, এক কেজির কম ওজনের কাতলের কেজি ২৮০ টাকা, রুই ৩২০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, সিলভার কার্প ১৬০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, এক কেজির বেশি ওজনের বোয়ালের কেজি ৬০০ টাকা এবং আইড় ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া পাবদা মাছের কেজি ৪০০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, বড় চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকা, ছোট বাইম ৬০০ থেকে ৭০০ টাকা, বড় বাইম ১২০০ টাকা, কই ২৫০ টাকা, শোল ৬০০ টাকা, মলা মাছ ৪০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, ট্যাংরা ৮০০ টাকা, বড় বেলে ১০০০ টাকা, ছোট বেলে ৮০০ টাকা, সরপুঁটি ২০০ টাকা, মাঝারি রূপচাঁদা ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দামের স্থিতিশীলতা কেবল মুরগিতে। ব্রয়লার মুরগির কেজি বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে বাজার ভেদে ৩২০ টাকা এবং লেয়ার ৩০০ টাকা রাখা হচ্ছে। ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৮ টাকা।

খোলা চিকন চাল (মিনিকেট) ধরন ও কোম্পানিভেদে ৮০ থেকে ৯০ টাকা, স্বর্ণা মোটা চাল ৬০ টাকা, পাইজাম ৬৫ টাকা এবং আঠাশ চালের কেজি ৬৫ থেকে ৬৭ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

দেশি মসুরের ডালের কেজি ১৫০ টাকা, আমদানি করা মোটা ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১৪০ থেকে ১৫০ টাকা এবং মুগ ডালের কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংস মিলছে ৭৬০ থেকে ৭৮০ টাকা কেজি। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি এবং ছাগি ১০৫০ টাকা কেজি।

ভোজ্যতেলের লিটার রাখা হচ্ছে ১৮৯ টাকা। পেঁয়াজের কেজি ৮০ টাকা, আমদানি রসুন ১৫০ টাকা, দেশি মাঝারি রসুন ১২০ টাকা কেজি এবং ছোট রসুন ৬০ থেকে ৮০ টাকা কেজি রাখা হচ্ছে।

বাজারে চড়া দামে কোনো অনুভূতি-অভিযোগ নেই মিরপুর-২ নম্বরে বাজার করতে আসা আমিরুল ইসলামের। তিনি পাল্টা প্রশ্ন করলেন, লাভ কী! বাজার করা লাগে, বরং নিজেই বাজারে গিয়ে বাজার পরিস্থিতি নিয়ে মতামত দিয়েন।

জেডএ/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin