বাংলাদেশ এশিয়া কাপে কয়েকবারের ‘চ্যাম্পিয়ন’, ভেবেছিলেন আফগানিস্তান কোচ

বাংলাদেশ এশিয়া কাপে কয়েকবারের ‘চ্যাম্পিয়ন’, ভেবেছিলেন আফগানিস্তান কোচ

প্রশ্নটা ছিল—আফগানিস্তান কি ফেবারিট হিসেবে নামবে বাংলাদেশের বিপক্ষে? উত্তরটা আসলে ‘হ্যাঁ’ হওয়ারই কথা। হংকংয়ের বিপক্ষে বড় জয় পেয়ে তারা এখন আত্মবিশ্বাসের চূড়ায়। অন্যদিকে হংকংয়ের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতার পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাংলাদেশ এখন খাদের কিনারায়। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা তাদের জন্য বাঁচা-মরার লড়াই।

কিন্তু আফগানিস্তানের কোচ জনাথন ট্রট বেশ বিনয়ী। প্রশ্নটা শুনেই তিনি উত্তর দেওয়া শুরু করলেন এভাবে, ‘যদি আপনি অতীতের দিকে দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতায় কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে...।’ মাঝপথেই তাঁর ভুল ভাঙিয়ে দিলেন মিডিয়া ম্যানেজার। কিন্তু ট্রট নিজের ভুল মানতে নারাজ। উল্টো বললেন, ‘আমার তো মনে হয় ওরা ৫০ ওভারের এশিয়া কাপ জিতেছে!’ আবারও নিশ্চিত করা হলো, বাংলাদেশ কখনো কোনো সংস্করণেই চ্যাম্পিয়ন হয়নি।  

ট্রট তখন অবিশ্বাস নিয়ে মিডিয়া ম্যানেজারের দিকে তাকালেন। যখন নিশ্চিত হলেন, বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও কখনো শিরোপা জিততে পারেনি, তখন একটা দীর্ঘশ্বাস ফেলে নতুন করে শুরু করলেন তাঁর বক্তব্য, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’

এরপর মূল কথায় ফেরেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের সত্যিকারের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। আমাদের কাল ভালো চ্যালেঞ্জ আর পরীক্ষাই দিতে হবে। বিরতি পেয়ে আমরা মানসিক ও শারীরিকভাবে চাঙা হয়েছি।’

২০১৪ সালে আফগানিস্তানের সঙ্গে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৯ উইকেটে। তখন আফগানিস্তান ছিল আইসিসির সহযোগী সদস্য। এক দশকের বেশি সময়ে প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে। এই সংস্করণে এখন বাংলাদেশের চেয়েও শক্তিশালী দল তারা। পরিসংখ্যানেও এগিয়ে। টি–টোয়েন্টিতে ১২ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে আফগানিস্তান। কালকের ম্যাচেও জয়ের দিকেই চোখ রাখছেন কোচ ট্রট।

তিনি বলেছেন, ‘কাল বাংলাদেশের বিপক্ষে বড় ম্যাচ। গত কয়েক বছরে দুই দলের মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে। ম্যাচগুলো সব সময় ভালোই হয়েছে। আমরা আবারও একটা ভালো ম্যাচের দিকে তাকিয়ে আছি। চাইব যেন আমরাই ম্যাচটা জিতি।’

তবে ট্রট বিনয়ী হয়ে যে কথাটা বলেছিলেন, এবারও তা সত্যি হওয়ার সম্ভাবনা কম। সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়। এত অঙ্ক কষে যাদের সুপার ফোরে যাওয়ার সমীকরণ, তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এখনো বহুদূরে!

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin