নেপাল ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে গত বৃহস্পতিবার। সহকারী কোচ হাসান আল মামুনের নেতৃত্বে শুক্রবার মাঠের অনুশীলনে নামেন জামাল ভূঁইয়ারা। ক্যাম্প শুরুর পাঁচ দিন পর আজ মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকায় এসেই দলের অনুশীলন সেশনে ছিলেন স্প্যানিশ কোচ। আপাতত ১৪ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন হচ্ছে। যদিও যোগ দিয়ে জাতীয় দলের তালিকা কেন এখনও দেওয়া হয়নি-এমন প্রশ্নের উত্তরে তিনি বাফুফের কোর্টে বল ঠেলে দিয়েছেন।
অনুশীলন শুরুর আগে জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে কাবরেরা বলেছেন, ‘আমার মনে হয় এর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। তাই আমি জানি না… আপনারা সাদমানের (বাফুফের মিডিয়া ম্যানেজার, সাদমান সাকিব) সঙ্গে কথা বলতে পারেন।’
এবারই নয়, এর আগেও বেশ কয়েকবার ক্যাম্পের আগে দেওয়া হয়নি খেলোয়াড়দের তালিকা। সেটি কোচের নির্দেশে কিনা জানতে চাইলে আবারও নিজের জায়গায় অটল থাকেন কাবরেরা, ‘না, না, এটা কোচদের নির্দেশ নয়। আমি সবসময় ক্যাম্পের আগে তালিকা দিয়ে থাকি।’
তবে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেছেন অন্য কথা, ‘এখনও পর্যন্ত মিডিয়া ডিপার্টমেন্টের হাতে জাতীয় দলের তালিকা আসেনি। তাই দেওয়া হয়নি।’
এদিকে, অনুশীলনে বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড় ছাড়বে আগামী ৭ নভেম্বর। তবে ক্লাবটির এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন কাবরেরা, ‘তাদের সিদ্ধান্তে আমার সম্মান আছে। ৭ তারিখের পর আমরা ২৪ জন নিয়ে অনুশীলন করতে পারবো। আর হামজা খুব সম্ভবত ১০ তারিখ আসবে।’
আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশকে মোকাবিলা করবে নেপাল। ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা।