প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যেই অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন। কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা। আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করছি। এতে আমরা ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, বোথ ইন অ্যান্ড আনসিন অনেকগুলো চ্যালেঞ্জ।’
নির্বাচনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে এবং প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন। ইন্সট্রাকশন আমরা দেবো, কিন্তু বেআইনি কোনও ইন্সট্রাকশন দেবো না। আমরা কাউকে ফেভার করার জন্য ইন্সট্রাকশন দেবো না। কারো পক্ষে কাজ করার জন্য ইন্সট্রাকশন দেবো না।’
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমি চাই কোনও দলের পক্ষ হয়ে কেউ কাজ করবেন না। এটা আমরা প্রত্যাশা করি না এবং আপনারা আজ ওয়াদা করেছেন কোনও ব্যক্তি বা পক্ষের পক্ষপাতদুষ্ট হয়ে কোনও কাজ করবেন না।’
নির্বাচনি কর্মকর্তাদের সিইসি আরও বলেন, ‘আমরা সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক, সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা দেবো। এবং উই উইল মেক সিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন।’
তিনি বলেন, ‘সিভিল সারভেন্ট ইজ এ পলিটিক্যাল পারসন। হি মাস্ট বি পলিটিক্যাল। বাট হি অর শি শুড বি নন পার্টিশন। আপনি কোনও দল করতে পারবেন না। কিন্তু ভোটটা একজনকে দেবেন।’
নাসির উদ্দিন বলেন, ‘এই নির্বাচন একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আগামী নির্বাচন আমাদের বিশেষভাবেই মোকাবিলা করতে হবে। বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই এটাকে আমাদের এগিয়ে নিতে হবে।’
আগামী নির্বাচন ঐতিহাসিক হবে উল্লেখ করে সিইসি আরও বলেন, ‘অতীতে যাই করে থাকুন না কেন, আমাদের প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনও ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি নিশ্চিত এটা করবো।’