বাংলাদেশে ভারতের সব দূতাবাস ও মিশনেই আসছেন নতুন প্রধান

বাংলাদেশে ভারতের সব দূতাবাস ও মিশনেই আসছেন নতুন প্রধান

ঢাকায় ভারতের হাই কমিশন-সহ বাংলাদেশে ভারতের আরও যে চারটি সহকারী হাই কমিশন আছে, তার সবগুলোতেই নতুন মুখ অচিরে দায়িত্ব নিতে যাচ্ছেন।

এই মুহুর্তে এই মিশনগুলোর প্রধান হিসেবে যারা আছেন, তার সবগুলো নিয়োগই হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন, ফলে বলা যেতে পারে বাংলাদেশে আগামী নির্বাচনের আগে ভারত তাদের পুরো কূটনৈতিক নেতৃত্বকেই  ঢেলে সাজাচ্ছে। 

jwARI.fetch( $( "#ari-image-jw68e722cf0904e" ) );

বর্তমান ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় দায়িত্ব নিয়েছিলেন ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, তার তিন বছরের মেয়াদ ইতোমধ্যে পূর্ণ হয়েছে। দিল্লি তার উত্তরসূরির নামও মোটামুটি চূড়ান্ত করে ফেলেছে, সেটিও যেকোনও দিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

তবে তার আগে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে ভারতের যে চারটি সহকারী হাই কমিশন আছে – তার সবগুলোতেই একসঙ্গে বদল আনা হচ্ছে।

এই মুহুর্তে বাংলাদেশে ভারতের সহকারী হাই কমিশনার পদে আছেন চট্টগ্রামে ড. রাজীব রঞ্জন, রাজশাহীতে মনোজ কুমার, খুলনায় শিবজী তিওয়ারি ও সিলেটে চন্দ্র শেখর – এদের সকলকেই প্রায় একই সময়ে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তাদের কারও মেয়াদ শেষ হতে চলেছে, কেউ আবার অবসরে যাচ্ছেন।

jwARI.fetch( $( "#ari-image-jw68e722cf09080" ) );

বাংলা ট্রিবিউন এটাও জানতে পেরেছে, এই চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন।

এরপর ভারত নিযুক্ত করবে ঢাকায় তাদের নতুন হাই কমিশনার বা রাষ্ট্রদূতকেও, যার নামও মোটামুটি স্থির করা হয়ে গেছে বলে আভাস পাওয়া গেছে।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পদস্থ সূত্র জানিয়েছে, ‘সব ঠিকঠাক থাকলে বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন আর মাত্র মাসচারেকের মধ্যেই। স্বভাবতই ভারত চাইবে এই গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে তাদের হেড অব দ্য মিশন-রা নিজ নিজ জায়গায় দায়িত্ব নিন, আর সে জন্যই গোটা প্রক্রিয়াটা বেশ তাড়াহুড়ো করেই করা হচ্ছে।’

এখানে লক্ষ্যণীয় বিষয় হলো – ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা – এই পাঁচটি লোকেশনেই ভারতের এই নিয়োগগুলো হয়েছিল শেখ হাসিনার আমলে।

এরপর গতবছরের অগাস্টে বাংলাদেশের পালাবদলের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যে অনেক শীতল হয়ে পড়েছে তা কোনও গোপন বিষয় নয়। এখন এর সবগুলো পদেই একসঙ্গে নতুন মুখ নিয়ে এসে ভারত সম্ভবত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও একটা নতুন বার্তা দিতে চাইছে।

তবে সহকারী হাই কমিশনারদের নামের তালিকায় ঢাকার সম্মতি পেতে ‘যা ভাবা হয়েছিল তার চেয়ে যে একটু বেশিই সময় লাগছে’ – দিল্লির সাউথ ব্লকের একটি সূত্র সেটাও স্বীকার করেছেন।

প্রসঙ্গত, দিল্লিতে বর্তমানে যিনি বাংলাদেশের হাই কমিশনার পদে আছেন, সেই রিয়াজ হামিদুল্লাহ্’র নামে সম্মতি দিতেও ভারত বেশ কয়েক মাস সময় নিয়েছিল। এখন দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশ যেহেতু কিছুটা অস্বাভাবিক, ফলে বাংলাদেশের সম্মতি পেতেও একটু বেশি সময় বোধহয় লাগতেই পারে! 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin