বাংলাদেশেও দেখা যাবে টাইটানিক অভিনেতার যুদ্ধ

বাংলাদেশেও দেখা যাবে টাইটানিক অভিনেতার যুদ্ধ

‌‘টাইটানিক’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন হলিউডের সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। এক মহাকাব্যিক অ্যাকশন-থ্রিলার সিনেমায় দেখা যাবে তাকে। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকেরা মেতেছেন উত্তেজনায়।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নামে এ ছবি ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। বাংলাদেশের সিনেমাপ্রেমীরাও একই দিনে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

সিনেমাটির পরিচালনা করেছেন পল টমাস অ্যান্ডারসন। তিনি ১৯৯০ সালের টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ২০ বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছেন। সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়াও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর ও চেজ ইনফিনিটি।

ডিক্যাপ্রিও বর্ণনা করেছেন, ‘এই সিনেমা আমাদের সমাজের বিভাজন এবং চরমপন্থার প্রভাবকে তুলে ধরে। যদিও রাজনৈতিক বার্তা সরাসরি নেই, তবে বিনোদনের মধ্যে তা পরোক্ষভাবে ফুটে উঠেছে।’

সমালোচকরাও সিনেমার মিশ্রণধর্মী ধাঁচ, রাজনৈতিক ব্যঙ্গ, অ্যাকশন ও ব্যাক কমেডির প্রশংসা করেছেন।

সিনেমার গল্পে সাবেক বিপ্লবীদের একটি দলের মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পর আবার একত্রিত হয় কিছু যোদ্ধা। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও পেয়েছেন ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক। প্রাথমিক শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের জুনে, পূর্ণ শুটিং চলেছে ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে। প্রাথমিক নাম ছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’, পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

১৭৫ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমাকে পরিচালক অ্যান্ডারসনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প বলা হচ্ছে।

এলআইএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin