বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং অলরাউন্ডার গুলবদিন নাইব ও করিম জানাতের।
এশিয়া কাপ শেষ হওয়ার পর আগামী ২ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তান আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তরুণদের সুযোগ দিয়েছে। ফারুকির জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বশির আহমদকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ঘরোয়া ক্রিকেটে ১৪টি টি-টোয়েন্টি খেলে ৯.০৬ ইকোনমি রেটে ১২টি উইকেট নিয়েছেন বশির।
নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে এসেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফি উল্লাহ তারখিলও। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি শপাগিজা ক্রিকেট লিগে নজর কেড়েছেন। সেখানে তিনি ৯ ইনিংসে ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করেন, যা লিগের তৃতীয় সর্বোচ্চ।
এ ছাড়া দলে ফেরানো হয়েছে পেসার আবদুল্লাহ আহমদজাই। তিনি অবশ্য এশিয়া কাপের রিজার্ভ দলে ছিলেন। এর বাইরে রহস্য স্পিনার আল্লাহ গজনফরকে ওয়ানডে দলে রাখা হলেও তাঁকে টি-টোয়েন্টিতে রাখা হয়নি। সেখানে থাকবেন রিজার্ভ হিসেবে।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে আমরা এখন টি-টোয়েন্টিতে ব্যস্ত মৌসুম শুরু করতে যাচ্ছি। এই সুযোগ আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে দারুণভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। ২০২৫ সালের এশিয়া কাপে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। কিন্তু উত্থান-পতন খেলারই অংশ। আমরা আশা করি, আফগানরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।’
আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজায় তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর আবুধাবিতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।
এবারের এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই গ্রুপ ‘বি’-তে খেলেছে। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮ রানে আফগানিস্তানকে হারায়।