বাংলাদেশের জার্সিতে প্রথম গোল, শমিতকে অভিনন্দন জানাল কানাডিয়ান লিগ

বাংলাদেশের জার্সিতে প্রথম গোল, শমিতকে অভিনন্দন জানাল কানাডিয়ান লিগ

জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই স্মরণীয় কীর্তি গড়লেন শমিত সোম। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং, চায়নার বিপক্ষে করলেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল।

গত বৃহস্পতিবারের ম্যাচটিতে ৩-২ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শমিতের গোলই সমতা ফিরিয়েছিল। তবে ব্যক্তিগত অর্জনের এই দিনে দলীয় সাফল্য অধরাই থেকে গেছে তার; ম্যাচটি বাংলাদেশ হেরেছে ৪-৩ ব্যবধানে।

গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া এই তরুণ মিডফিল্ডার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে নিজের প্রতিভার জানান দিলেন। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের এমন অর্জনে উচ্ছ্বসিত তার ক্লাব ও লিগ কর্তৃপক্ষ।

কানাডিয়ান প্রিমিয়ার লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শমিতকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমকে অভিনন্দন, যিনি বাংলাদেশের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন। ’

পোস্টটিতে শমিতের একটি ছবিও যুক্ত করা হয়, যেখানে তাকে তিনজন সমর্থকের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে দেখা যায়।

এদিকে, হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল বর্তমানে সেখানেই অবস্থান করছে। আগামী মঙ্গলবার দল দুটি আবারও মুখোমুখি হবে।

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin