শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ, সেই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ। বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি যে এই ম্যাচেই ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে আফগানরা। যার অর্থ বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ১৭০ করে জিততে হবে শ্রীলঙ্কাকে।
হেরে গিয়েও অবশ্য বাংলাদেশকে শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।
১৬৯ দূরে থাকুক, আফগানিস্তান যে ১৫০ ছাড়াবে ১৫ ওভার শেষেও তা বোঝা যায়নি। ১৫ ওভার শেষে দলটির রান ছিল ১০১/৬। ১৬তম ওভারে মাত্র ৪ রান তুলতে পারা দলটি শেষ চার ওভারে তোলে ৬৪ রান। এই রানের অর্ধেকই আবার শেষ ওভারে তুলেছে আফগানিস্তান।
শেষ ওভারে ওঠা ৩২ রানের ৩১–ই এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। শ্রীলঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগেকে ওই ওভারে ৫টি ছক্কা মেরেছেন নবী। প্রথম তিন বলে ছক্কা খাওয়ার পর খেই হারানো ভেল্লালাগে চতুর্থ বলে ওয়াইড দেন। কিন্ত তাঁর পা–ও লাইন অতিক্রম করায় নো বল হয়ে যায় সেটি। ফ্রি হিটেও ছক্কা মারার পর পঞ্চম বলেও ছক্কা পেয়ে যান নবী।
ছয় ছক্কার সাক্ষীই না হয়ে যায় জায়েদ স্টেডিয়াম! কিন্তু হয়নি। শেষ বলটিতে ২ রান নিতে গিয়ে রানআউট হয়ে যান নবী। মাত্র ২২ বলেই ৬০ রান করে ফিরেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।