‘বারবার দম ফুরিয়ে আসছিল আর বুকে চাপ চাপ ব্যথা’

‘বারবার দম ফুরিয়ে আসছিল আর বুকে চাপ চাপ ব্যথা’

একটানা তিন ধরে দীর্ঘ দুর্গম পথে উঠতে গিয়ে বারবার দম ফুরিয়ে আসছিল। বুকে চাপচাপ ব্যথা অনুভব করছিলাম। শরীরের সব শক্তি যেন শেষ হয়ে যাচ্ছিল। একটু এগিয়েই থামতে হচ্ছিল। আমার সঙ্গী, গাইড সবার সঙ্গেই কৃত্রিম অক্সিজেন। আমি আত্মবিশ্বাসী ছিলাম, অক্সিজেন ছাড়াই উঠতে পারব। শেষ পর্যন্ত তা করতে পেরেছি।

নেপালের মানাসলু পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত। উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই পর্বত জয় করে ফিরলেন চট্টগ্রামের এভারেস্টজয়ী পবর্তারোহী বাবর আলী। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানাসলু অভিযান নিয়ে কথা বলেছেন বাবর আলী। সেখানেই এক ফাঁকে প্রথম আলোর কাছে এভাবেই অভিযানের বিবরণ তুলে ধরলেন।

এর আগে সংবাদ সম্মেলনে বাবর বলেন, মানাসলুর ক্যাম্প-১ থেকে ক্যাম্প-২-এর দূরত্ব মাত্র ৬০০ মিটার। সে পথটাই পথটাই হয়ে দাঁড়িয়েছিল ভয়ংকর চ্যালেঞ্জের। পথে দুটি বরফের বিশাল দেয়াল, একটি গভীর ফাটল। প্রতিটি ধাপেই ঝুঁকি। সেখানেই লড়াই করতে হয়েছে প্রতি মুহূর্তে।  

বাবর বলেন, ক্যাম্প-১ থেকে ক্যাম্প-২ পৌঁছাতে তাঁর লেগেছিল প্রায় ৫ ঘণ্টা। অভিযানে অনেক ঝুঁকি ছিল, কিন্তু দীর্ঘ প্রস্তুতি আর শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলনের কারণে তিনি ওই পথ সাফল্যের সঙ্গে পাড়ি দেন।

পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত সংবাদ সম্মেলনে বাবর আলীর সঙ্গে ছিলেন মানাসলু অভিযানে তাঁর সঙ্গী হওয়া তানভীর আহমেদ। বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়া পর্বতে উঠলেও তানভীর উঠেছেন অক্সিজেন নিয়ে। সংবাদ সম্মেলনে এই দুই অভিযাত্রী জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন।

২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে চারটার দিকে নেপালের স্থানীয় সময় বাবর আলী পৌঁছে যান মানাসলুর চূড়ায়। এটাই প্রথমবার কোনো বাংলাদেশির কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয়। আর তাঁর সঙ্গী তানভীর আহমেদ মানাসলু জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো আট হাজার মিটারের বেশি উচ্চতার কোনো পর্বতে ওঠার সাফল্য পেলেন।

সংবাদ সম্মেলনের পর নিজের অভিজ্ঞতার কথা আরও সবিস্তারে প্রথম আলোর কাছে তুলে ধরেন বাবর আলী। তাঁর কাছে প্রশ্ন ছিল, দুর্গম পর্বতে যেখানে অক্সিজেন খুবই কম, সেখানে একটানা উঠতে গিয়ে কোন ধরনের শারীরিক সমস্যা মোকাবিলা করেছিলেন তিনি? উত্তরে পেশায় চিকিৎসক বাবর বলেন, এ ধরনের পরিস্থিতিতে একিউট মাউন্টেন সিকনেস বা এএমএস এবং হাই অ্যালটিচিউড সেরিব্রাল ইডিমা হওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে অক্সিজেনের অভাবে মস্তিষ্কে পানি জমে যায়। এ ছাড়া দ্রুত শরীরের সব শক্তি ফুরিয়ে যায়। তার ক্ষেত্রেও এমন ঝুঁকি ছিল। কিন্তু কঠোর অনুশীলনের কারণে তিনি পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পেরেছিলেন।

অভিযানে বাবরের গাইড বিরে তামাংও কৃত্রিম অক্সিজেন নিয়ে পর্বতে উঠেছিলেন। ওই পথটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা বুঝতে পেরেছিলেন বিরে তামাংয়ের প্রস্তুত দেখে। কেবল অক্সিজেন স্বল্পতা নয়, দুর্গম পর্বতে বরফ সমান করে তাঁবু খাটানো, সেখানে রাত যাপনও কম চ্যালেঞ্জের ছিল না। টানা তিন দিন এভাবে কেটেছে তাঁর।

বাবর আলী বলেন, ‘আট হাজার মিটারের ওপরে কোনো পর্বতে অক্সিজেন ছাড়া ওঠার ইচ্ছে অনেক দিনের। এবার তা পূরণ হলো। মানাসলুর চূড়ায় উঠতে গিয়ে অক্সিজেনের জন্য হাহাকার হচ্ছিল। কারণ এত উচ্চতায় ভূপৃষ্ঠের মাত্র এক-তৃতীয়াংশ অক্সিজেন থাকে। তবে নিজেকে সামলে নিয়েছি।’

সংবাদ সম্মেলনে জানা গেল, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের কাঠমান্ডু হয়ে তিলচে গ্রামে পৌঁছান বাবর আলী ও তাঁর সঙ্গী । সেখান থেকে পাঁচ দিনের ট্রেকিং শেষে তাঁরা পৌঁছান বেসক্যাম্পে। উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ানোর পর ২২ সেপ্টেম্বর তানভীর ও ২৩ সেপ্টেম্বর বাবর চূড়ান্ত অভিযানে যাত্রা শুরু করেন।

তানভীর আহমেদ জানান, তাঁর কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। চাকরির ব্যস্ততার কারণে সময় বের করা যায়নি। তবে ক্লাবের সহযোগিতা, প্রাথমিক প্রশিক্ষণ ও একাগ্রতার জোরে তিনি ঘাটতি কাটিয়ে উঠতে পেরেছেন। সামনে আরও উচ্চ পর্বত অভিযানে অংশ নিতে চান তিনি।

পর্বতারোহণে বাবর আলীর সাফল্যের তালিকায় এর আগেই যুক্ত হয়েছে এভারেস্ট ও লোৎসে (২০২৪) ও অন্নপূর্ণা-১ (২০২৫ সালের এপ্রিলে)। মানাসলু জয়ের মধ্য দিয়ে বাবর আলী চতুর্থবারের মতো আট-হাজার মিটার উচ্চতার পর্বতে ওঠার রেকর্ড করলেন। পৃথিবীতে আট হাজার মিটার কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে মোট ১৪ টি। বাবর আলী বাকি পর্বতগুলোর চূড়াতেও উঠতে চান। অন্যদিকে তানভীর ২০২৪ সালের নভেম্বরে আমা দাবলাম (৬,৮১২ মিটার) পর্বতে আরোহণ করেছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অভিযানের পৃষ্ঠপোষক সামুদার চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস ও ভিজ্যুয়াল নিট ওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন ভার্টিক্যাল ড্রিমার্সের জনসংযোগ সম্পাদক আশরাফুল আরেফীন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin