বকেয়া বেতন পরিশোধ না করায় ইলেকট্রিক পণ্য বাজারজাতকারী কোম্পানি ভিসতা’র চেয়ারম্যান-এমডিসহ শীর্ষ তিন কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) আদালত সূত্রে জানা গেছে, ঢাকার তৃতীয় শ্রম আদালতে ২৮ সেপ্টেম্বর ভুক্তভোগী সাংবাদিক নুরুল হক এ মামলা করেন।
নূরুল হক ভিসতা মালিকাধীন অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা বিজনেস’র বার্তা সম্পাদক ছিলেন।
মামলার আসামিরা হলেন- ভিসতার চেয়ারম্যান ও ঢাকা বিজনেসের উপদেষ্টা সম্পাদক সামছুল আলম, ভিসতার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা বিজনেসের প্রকাশক মো. লোকমান হোসেন আকাশ এবং ভিসতার পরিচালক ও ঢাকা বিজনেসের সম্পাদক উদয় হাকিম।
মামলার অভিযোগে বলা হয়, মোহাম্মদ নূরুল হক ২০২২ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিজনেসে যোগ দেন। বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালনকালে তিনি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করেছেন। কখনও ছুটি কাটাননি, এমনকি বছরে দুটি ঈদ, পহেলা বৈশাখসহ অন্যান্য উৎসব এবং জাতীয় দিবসেও তিনি দায়িত্ব পালন করেছেন। তবে তাকে দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী কোনও ওভারটাইম পাওনা, ঈদ বোনাস ও উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ নূরুল হককে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩ মার্চ পর্যন্ত সাত মাস সময়ের মধ্যে মাত্র দুই মাসের বেতন দেওয়া হয়। বাকি পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি। এক পর্যায়ে ৩০ মার্চ নূরুল হক চাকরি ছাড়তে বাধ্য হন। তবে তার বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়নি। পাওনা চেয়ে ২ জুলাই ভিসতার কাছে আইনি নোটিশ পাঠান ভুক্তভোগী ওই সাংবাদিক। কিন্তু তিনি নোটিশের জবাব মেলেনি। এমনকি বেতন পরিশোধের কোনও উদ্যোগ নেয়নি ভিসতা।