বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

বগুড়ার কাহালুতে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা রাহুল সরকার (২৮) খুন হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে খুনের ঘটনা ঘটে।

নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি বগুড়া শহরের কৈগাড়ি এলাকার আব্দুস সোবাহান সরকরের ছেলে।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাগুরা গ্রামের একটি খাস পুকুর নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে রাহুল সরকারের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল সরকার সেখানে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরার সময় গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাহুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু বলেন, রাহুল মাগুরা গ্রামের একটি খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। মঙ্গলবার উজ্জ্বল নামে এক যুবদল কর্মীকে সঙ্গে নিয়ে ওই গ্রামে যান। সেখানে বড়শি দিয়ে মাছ ধরার সময় গ্রামের কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মী রাহুলের ওপর হামলা করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। রাহুল দৌড়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে আবারও ছুরিকাঘাত করে। সৌরভ হাসান শিবলু বলেন, ওই বাড়ির লোকজন রাহুলকে রক্ষা না করে বাড়ির বাহিরে ফেলে রেখে রক্ত পানি দিয়ে মুছে ফেলে এবং বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।  

তিনি বলেন, ঘটনার অনেক পরে খবর পেয়ে পুলিশ এসে রাহুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তাৎক্ষণিক কাউকে শনাক্ত করে আটক করা যায়নি।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin