বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা, ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার অটোরিকশাচালক শুকুর আলী (৪০), গাইবান্ধার সাঘাটা উপজেলার কুটিবাড়ি এলাকার বিপুল মিয়া (৩৮) ও তাঁর ছেলে বিপ্লব মিয়া (৫)। আহত দুজন হলেন বিপুল মিয়ার স্ত্রী মমতা বেগম (৩২) ও তাঁর মেয়ে রূপামনি (৯)। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে আজ ভোরের দিকে বগুড়ায় ফেরেন। পরে বগুড়া শহর থেকে অটোরিকশা নিয়ে সারিয়াকান্দি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথে সারিয়াকান্দির ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিপুল, বিপ্লব ও অটোরিকশার চালক শুকুর আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।