বহুজাতিক হংকংকে হারানোর সামর্থ্য আছে আমাদের: কাবরেরা 

বহুজাতিক হংকংকে হারানোর সামর্থ্য আছে আমাদের: কাবরেরা 

এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে নিজেদের মাঠে আরও একটি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ‘বহুজাতিক’ হংকং চায়না। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে হারানোর প্রতিশ্রুতি মিলেছে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে। বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস, নাগরিক টিভি, আই স্ক্রিন ও বংগ বিডি।

এশিয়ান কাপে বাংলাদেশের অবস্থান সুখকর নয়। ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। বাংলাদেশ ও ভারত একটি করে পয়েন্ট নিয়ে তলানিতে। বাছাই পর্বে টিকে থাকতে হলে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। তাই তো জাতীয় স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাদের হারানোর সেই সামর্থ্য আমাদের আছে। আমাদের কোয়ালিটি স্কোয়াডও আছে।’

নিজেদের মাঠে ম্যাচটি যে গুরুত্বপূর্ণ সেটা জোর দিয়ে বলেছেন কোচ, ‘এই ম্যাচটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি প্রস্তুত আগামীকালের জন্য। দর্শকভর্তি স্টেডিয়ামে খেলতে পারবো—এটা ভেবেও আমরা দারুণ রোমাঞ্চিত।’ 

হংকংয়ের শক্তি-দুর্বলতা নিয়ে কাজ করেছেন কোচ। তার ভাষায়, ‘শেষ কয়েকদিন ধরে আমরা হংকং দলের শক্তি, দুর্বলতা সব কিছু বিশ্লেষণ করেছি। হংকংও সিঙ্গাপুরের মতো মানের দল।’

হংকং দলে অন্তত পাঁচটি বিভিন্ন দেশের বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। এর মধ্যে ব্রাজিলেরই ৫ জন! এছাড়া জাপান, ক্যামেরুন ও নিউজিল্যান্ডের খেলোয়াড়ও আছে। কাবরেরা অবশ্য সেটা নিয়ে চিন্তিত নন, ‘এটা বড় বিষয় নয়। শেষ পর্যন্ত তো আমরা পুরো দলটার বিপক্ষেই খেলবো, খেলোয়াড়দের পাসপোর্ট দেখে নয়। আমরা আগামীকালের ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছি, সবাই খুব মনোযোগী।’

সিঙ্গাপুর ম্যাচে ভালো খেলেও হেরেছে দল। তবে এবার অন্য কথা বললেন স্প্যানিশ কোচ, ‘সিঙ্গাপুর ম্যাচে সবার প্রত্যাশা ছিল, পয়েন্ট না পাওয়াটা কষ্টদায়ক ছিল। আমরা ভালো মুহূর্তও তৈরি করেছিলাম, কিন্তু কিছু জায়গায় ভুল করেছি। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। হংকংয়ের বিপক্ষে টিকে থাকতে হলে ওই জায়গাগুলোতেই আমাদের মনোযোগ রাখতে হবে।’

বাংলাদেশে আপনার দায়িত্বকালে এটা কি সবচেয়ে চ্যালেঞ্জিং সময়? আর এই স্কোয়াড কি সবচেয়ে ভালো? এমন প্রশ্নের জবাবে কাবরেরা, ‘হ্যাঁ, এটা খুব চ্যালেঞ্জিং সময়। শুধু আগামীকাল নয়, আগামী মাসে আমাদের হংকংয়ে অ্যাওয়ে ম্যাচ আর ভারতের বিপক্ষে হোম ম্যাচ আছে। আমাদের মানসিকতা হলো ইতিহাস গড়ার। যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে তিন ম্যাচেই ভালো ফল করতে পারবো।’

কোচের পাশে বসে অধিনায়ক জামাল ভূঁইয়া কালকের ম্যাচে ভালো করতে সবাইকে সর্বোচ্চ নিংড়ে দেওয়ার কথা বলেছেন, ‘আমরা তাদের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি, কিন্তু মূল ব্যাপার হলো—আগামীকাল মাঠে যারা নামবে, তাদের নিজেদের সেরাটা দিতে হবে।’

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin