বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাবির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাবির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ‘ছাত্র নামক সন্ত্রাসী’দের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানান তারা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে নিন্দা জানানো হয়।

তারা বলেন, গত ২০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দাপ্তরিক কাজ শেষে বাসায় ফেরার সময় ছাত্রদের একটি গোষ্ঠী তার গাড়ি আটকে দেয়, জোরপূর্বক নামিয়ে দিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং অশোভন আচরণ করে। অভিযুক্ত ছাত্ররা তার গাড়ির ওপর টাকা ছুড়ে দেয় এবং প্রবেশপথে তালা লাগিয়ে দেন। তিনি হেঁটে জুবেরী ভবনের দিকে রওনা দিলে সেসময় ছাত্রদের ওই দল তার ওপর এবং তার সঙ্গে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর শারীরিকভাবে হামলা চালায়।

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতপোষ্য কোটা ইস্যুতে উত্তাল রাবি, প্রোভিসিকে দুই দফা অবরুদ্ধ

এ ঘটনার পর রোববার (২১ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন চলছে। সকল ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সোমবার বেলা ১১টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের ‘ছাত্র নামক সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অবিলম্বে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা বলেন, এই ছাত্র নামক সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

মনির হোসেন মাহিন/বিএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin