বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা

আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বরকতউল্লা বলেন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়া বৃহত্তর নোয়াখালীর সন্তান। আগামী দিনে দেশের সমৃদ্ধ অর্থনীতি নোয়াখালী অঞ্চল ঘিরে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিনিয়র সচিব কে এম মোজাম্মেল হক। এ সময় বক্তারা বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণা করা অত্যন্ত যুক্তিসংগত ও সময়ের দাবি। রাজধানী ঢাকা থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত জেলা নোয়াখালীকে কেন্দ্র করে একটি ‘প্রশাসনিক বিভাগ’ গঠন করা হলে নোয়াখালী–কেন্দ্রিক উপকূলীয় অঞ্চলটি একটি শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিকাশ লাভ করবে।

আলোচকেরা বলেন, নোয়াখালীর দক্ষিণে রয়েছে ব্লু ইকোনমি তথা সুনীল অর্থনীতির বিশাল ভান্ডার। এই সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ অর্থনীতিতে এক অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হবে। তাই এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলাল। উপস্থিত ছিলেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, সিনিয়র সহসভাপতি কে এম মোজাম্মেল হকসহ ফেনী জেলা সমিতি ও লক্ষ্মীপুর জেলা সমিতির প্রতিনিধিরা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin