বিএনপির ফাঁকা আসনে নিজেকে প্রার্থী ঘোষণা মান্নার, দিলেন জোটের ইঙ্গিত

বিএনপির ফাঁকা আসনে নিজেকে প্রার্থী ঘোষণা মান্নার, দিলেন জোটের ইঙ্গিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আসনটি তাকে বিএনপি ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন আছে। কারণ বগুড়ার সাতটি আসনের মধ্যে বগুড়া-২ বাদে বাকি ছয়টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। অবশেষে ফাঁকা আসনটিতে নিজেকে প্রার্থী ঘোষণা করলেন মান্না।

বুধবার (১২ নভেম্বর) বিকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কিচক বাজারে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে বিষয়টি স্পষ্ট করেছেন দলের সভাপতি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যেহেতু আমার বাড়ি শিবগঞ্জে। আমি শিবগঞ্জে রাজনীতি করবো। আমাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় পাঠাতে পারবে না। এইটা আমার জায়গা। শিবগঞ্জের উন্নয়ন যাতে হয়, ভালো যাতে হয়, সেই লক্ষ্যে কাজ করবো। আমি আপনাদের সঙ্গে চাই, সমর্থন চাই। ভোট যদি হয়, আমি এখানে প্রার্থী হিসেবে দাঁড়াবো। আমার দল আছে, দলের নিবন্ধন আছে; মার্কা আছে। আমার মার্কায় আমি ভোট করবো।’

মান্না আরও বলেন, ‘কারও সঙ্গে শত্রুতা নেই, যে ভালো কাজ করবে, তার সঙ্গে আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন, “আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ। আপনারা বিগত দিনে আন্দোলন করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন।” আমিও বলেছি, আমার কোনও দাবি নাই, আমার দাবি জনগণের পক্ষে। এই দাবি যদি মেলে, তাহলে সবার পক্ষে আছি।’

বিএনপির সঙ্গে ভোটের জোটের বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‌‘আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়নি, আগে থেকেই সমঝোতা ছিল। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। সরকার পরিবর্তনের আন্দোলন নয়, সমাজ পরিবর্তনের আন্দোলন করছি। কোথায় কার কী অবস্থা আছে, আসন নিয়ে এ সপ্তাহের মধ্যে আলোচনা হবে। আরপিও যা বলবে, তার বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা দাবি করতে পারি, সংশোধনের জন্য। আমরা জোটগতভাবে ১৪২ আসন এবং নাগরিক ঐক্যের জন্য ৫০-৬০টি আসন চাইবো। এর মধ্যে ২৫ থেকে ৩০টি আসনে নাগরিক ঐক্য লড়াই করতে পারবে। আমরা জোটগতভাবে নির্বাচন করার চেষ্টা করছি, তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।’

সমাবেশে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক রানা, ছাত্র ঐক্যের নেতা তৌফিক হাসান প্রমুখ বক্তব্য দেন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin