বিএনপির কার্যালয়ে আইএমএফের প্রতিনিধি দল

বিএনপির কার্যালয়ে আইএমএফের প্রতিনিধি দল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বৈঠকে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. জিয়াউদ্দিন হায়দার এবং দলটির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল– মূল্য সংযোজন করের হরমোনাইজেশন এবং ছাড় হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স; করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা; ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি।

বিএনপি প্রতিনিধি দল উল্লেখ করে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

আইএমএফের প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin