বিএনপির মনোনয়ন না পাওয়ায় এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হওয়ায় মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। এই আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েছেন বলে জানিয়েছেন তারা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম উল্লেখ করা হয়। এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। তিনি বাদ পড়েছেনন। এর প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‌‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

এ ব্যাপারে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin