বিইউপি ছাত্রীকে ধর্ষণ: আসামি বিপ্লব রোজারিও দুদিনের রিমান্ডে 

বিইউপি ছাত্রীকে ধর্ষণ: আসামি বিপ্লব রোজারিও দুদিনের রিমান্ডে 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানার করা মামলায় গ্রেফতার বিপ্লব রোজারিও ওরফে তিলককে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত এই আদেশ দেন।  

ঢাকা জেলার প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক মো. আ. ওয়াহাব। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আবেদনে বলা হয়, আসামি এই মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরেক আসামি সোহেল রোজারিও ভিকটিমকে তার বাসায় নিয়ে ধর্ষণ করার সময় এই আসামিসহ তার সহযোগী মিঠু বিশ্বাস, সোহেল রোজারিও বাসার বাহিরে থেকে পাহারা দিয়ে ভিকটিমকে ধর্ষণে সহায়তা করে। ভিকটিমকে ঘটনার বিষয়ে কাউকে না জানানোর শর্তে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে ছেড়ে দেয়। এই আসামি আরও বেশ কিছু তথ্য দেন এবং অনেক তথ্য না দিয়ে কৌশলে এড়িয়ে যায়। এমতাবস্থায় মামলার তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করার জন্য বিপ্লব রোজারিও ওরফে তিলককে সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

এর আগে, গত ১৯ অক্টোবর এই মামলার সহযোগী আসামি মিঠু বিশ্বাসের দুদিন এবং গত ২০ অক্টোবর প্রধান আসামি সোহেল রোজারিও'র তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। ফেরার পথে সোহেল রোজারিও তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা তাকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করেন ওই তরুণী। 

এই ঘটনায় গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী ছাত্রী তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলাটি দায়ের করেন। সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin