বিজয়া দশমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাতে লেখা চিঠি ও গোলাপ ফুল বিতরণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাবির জগন্নাথ হলে ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনকালে এ চিঠি ও গোলাপ বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
তারিক মণ্ডপ পরিদর্শনকালে জগন্নাথ হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, হল সংসদের নির্বাচিত প্রতিনিধিসহ উপস্থিত সব সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
শুভেচ্ছা বার্তায় লেখা রয়েছে- ‘শারদীয় দুর্গোৎসব আমাদের সংস্কৃতির যৌথ আনন্দের উৎস। ধর্মের ভিন্নতা থাকলেও হৃদয়ের বন্ধনে আমরা এক। আসুন মুসলিম-হিন্দু মিলেই তৈরি করি সম্প্রীতির সেই রঙিন দেশ। সবার আগে বাংলাদেশ।’
আরও পড়ুনবিএনপি বিশ্বাস করে— ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমানকারও পাতানো ফাঁদে পা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে নাশিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রদল নেতার চারিত্রিক সনদ বাতিল
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারিক বলেন, ‘আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী। তাই আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে দুর্গাপূজার শেষ দিন তথা বিজয়া দশমীতে ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পূজামণ্ডপে গিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। এজন্য আমাদের সনাতনী ভাইবোনেরা আমাদের স্বাগত জানিয়েছেন।’
মণ্ডপ পরিদর্শনকালে ঢাবি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম প্রধান, রাকিব হোসেন, জুল হোসেন, সদস্য সাব্বির হোসেন, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, শেখ মুজিবুর রহমান হলের সদস্য তাহমিদ হুমায়ুন তানিমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এফএআর/একিউএফ/জেআইএম