বিকেলে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

বিকেলে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

ঢাকা: বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে বিকেল ৪টায় শুরু হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত শিক্ষক নেতারা এ নতুন সময়সূচি ঘোষণা করেন।

সকাল থেকেই হাজারো শিক্ষক শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে পুলিশের বলপ্রয়োগ ও ভাতা বৃদ্ধির অপর্যাপ্ত প্রস্তাবের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সরকারের প্রস্তাবিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নসহ ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক নেতাদের আহ্বানে তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

রোববার ও সোমবার রাতভর শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

বর্তমানে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। তারা বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ বা অফিসকক্ষে বসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এমএমআই/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin