বিল এলাকায় কারেন্ট জাল পেতে ধরা হচ্ছিল বক, অভিযানের পর ৬০টি অবমুক্ত

বিল এলাকায় কারেন্ট জাল পেতে ধরা হচ্ছিল বক, অভিযানের পর ৬০টি অবমুক্ত

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি বিলে অবৈধ কারেন্ট জাল পেতে বক ধরছিলেন একদল শিকারি। পরে তাঁদের কাছ থেকে ৬০টি সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে উখিয়া বন বিভাগের রেঞ্জের অধীনে সদর বনবিটের রাজাপালং ইউনিয়নের মাসকারিয়া বিল এলাকা থেকে এসব বক উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল মন্নান। তিনি বলেন, গতকাল দুপুরে মাসকারিয়া বিল এলাকার ধানখেতে কারেন্ট জালের ফাঁদ পেতে রাখেন শিকারিরা। সেখানে আটকা পড়ে অন্তত ৬০টি সাদা বক। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। টের পেয়ে শিকারিরা পালিয়ে গেলেও বকগুলো উদ্ধার করা হয়। সন্ধ্যার আগে আগে প্রাকৃতিক পরিবেশে বকগুলো অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, শীতের আবহ শুরু হওয়ায় শিকারিরা প্রায় প্রতিদিনই ফাঁদ পেতে এসব বক ধরেন। সেগুলোর প্রতিটি বাজারে ৫০-৬০ টাকা হারে বিক্রি হয়।

উখিয়া বন বিভাগের ওই কর্মকর্তা জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল কিংবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। একই অপরাধ আবার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও আছে। কোনো ব্যক্তি অতিথি পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচাকেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin