বিষাক্ত স্পিরিট পানে মৃত ৬ জনের মধ্যে ৪ জনের লাশ উত্তোলন

বিষাক্ত স্পিরিট পানে মৃত ৬ জনের মধ্যে ৪ জনের লাশ উত্তোলন

চুয়াডাঙ্গা: বিষাক্ত স্পিরিট পানে চুয়াডাঙ্গায় ছয়জনের মৃত্যুর ঘটনায় চারজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে লাশ তোলার কাজ শুরু করে পুলিশ।

লাশগুলো ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ ও ১২ অক্টোবর চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের কয়েকটি গ্রামের ছয়জন ব্যক্তি মারা যান। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হলে তাদের মৃত্যু অ্যালকোহলিক পয়জেনিংয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করেন চিকিৎসকরা। বাকি চারজনের লাশ আগেই দাফন করে পরিবারের সদস্যরা।

এ ঘটনায় ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের স্বার্থে ১৪ অক্টোবর এই চারজনের লাশ তোলার অনুমতি প্রার্থণা করে পুলিশ। ১৬ অক্টোবর আদালত থেকে লাশ তোলার অনুমতি পাওয়া গেলে মঙ্গলবার (২১ অক্টোবর) ওই চারজনের লাশ উত্তোলন করা হয়।

যাদের লাশ উত্তোলন করা হয়েছে তারা হলেন-চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালি গ্রামের নবীছউদ্দিনের ছেলে লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে সেলিম (৪৫), নফরকান্দি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খেদের আলী (৫০) এবং শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা।

উত্তোলন কাজে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হুদা মনির জানান, আদালতের নির্দেশ মেনে লাশগুলো উত্তোলন করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা আদালতে দাখিল করা হবে।

এসএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin